...|...|...

রাজনীতি

সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা: আসিফ মাহমুদ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৫
Shares
সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা: আসিফ মাহমুদ

মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘দেশ একটা ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আসলে কী নিয়ে কথা বলব? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? এখানে যদি সমস্যা নিয়ে কথা বলা শুরু করা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে, রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, কথা শেষ হবে না।’

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘আজকে আপনারা সবাই ঢাকা শহরে থাকেন। আপনারা জানেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, ভুতুড়ে বিল, বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না। এলপিজির দাম ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করে ২ হাজার ৫০০ টাকা, ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। মানুষ আগে ঢাকা শহরে আসত, এখন ঢাকা শহর থেকে আবার গ্রামে ফিরে যাওয়া শুরু করেছে।’

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘এই সরকার আমাদের নানা ধরনের প্রতিশ্রুতি, ইশতেহার দেখিয়েছিল। নির্বাচনের পর তারা জুলাই সনদ তো দূরের কথা, যে ৩১ দফা নিয়ে গত ১০ বছর ধরে রাজনীতি করে আসছে, ওই ৩১ দফাও তারা ভুলে গেছে। জনগণের সাথে তো প্রতারণা করেছেই, নিজ দলীয় নেতাকর্মী, যাদের ৩১ দফা, গণতন্ত্রের কথা বলে, সংস্কারের কথা বলে আন্দোলন-সংগ্রামে নিয়ে এসেছিল, ভোট নিয়ে এসেছিল, তাদের সাথেও বেইমানি করেছে।’

তিনি আরও বলেন, ‘যেই নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করল, নির্বাচনে কাজ করল, তাদের এখন দূরে ঠেলে দিয়ে হত্যা করে নেপোকিডদের রাজত্ব শুরু হয়েছে। যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে, যারা ফ্যাসিবাদের সময় সুযোগ-সুবিধা নিয়েছে, ফ্যাসিবাদের সময় বাপের পরিচয় দেয় নাই। কিন্তু তাদের সরকার আসার সাথে সাথে সব টেন্ডার, সব কাজে, সব জায়গায় তারা বাপের পরিচয় দিয়ে বসে গেছে।’ 

আসিফ মাহমুদ বলেন, ‘এই নেপোকিডদের বিরুদ্ধে সেই দিন আর দূরে নাই, যেদিন বিএনপির মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীরা, যারা গণঅভ্যুত্থানে গুলি খেয়েছেন, আমাদের সাথে ছিলেন, সেদিন তারা আবারও আমাদের মিছিলে এসে একত্রিত হবেন।’

তিনি বলেন, বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। জুলাই সনদ তো দূরের কথা, গত ১০ বছর ধরে রাজনীতি করা ৩১ দফাও তারা ভুলে গেছে। ঢাকা শহরে নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এসব মাফিয়াতন্ত্রের কবর রচনা করবে।