...|...|...

বিশ্ব

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পুলিশের সাথে সংঘর্ষ

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ভোর রাত ৫:৩১
Shares
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পুলিশের সাথে সংঘর্ষ

ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে রাজধানী তিরানাসহ বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার (২৮ নভেম্বর) দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মধ্যেই রাজধানী তিরানায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী নানা স্লোগান দেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রোলবোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের সংকট এবং শিক্ষার নিম্নমান নিয়ে দীর্ঘদিন ধরেই দেশটিতে অসন্তোষ বাড়ছে। এসব ইস্যুতে গত অক্টোবরের মাঝামাঝি রাজধানী তিরানায় বিক্ষোভ শুরু হয়। পরে তা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিভিন্ন সরকারি ভবন ও ব্যাংকে আগুন দেওয়ার পাশাপাশি দোকানের জানালা ভাঙচুর এবং সড়কের পাথর তুলে পুলিশের দিকে নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।

গত শনিবারের বিক্ষোভেও একই ধরনের সহিংস পরিস্থিতি দেখা যায়। আন্দোলনে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য ও দেশত্যাগের সমস্যা আর মেনে নেওয়া যায় না। অন্য বিক্ষোভকারীরাও উন্নত জীবনযাপন ও মানসম্মত স্বাস্থ্যসেবার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন মুখোশ পরে সরকারি ভবন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। একপর্যায়ে তারা প্রধানমন্ত্রী এদি রামার কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ বাধা দিলে তারা আর সামনে এগোতে পারেননি।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে দুর্নীতি ও দারিদ্র্য কমানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষার মান উন্নয়ন। অন্যদিকে, প্রধানমন্ত্রী এদি রামার সরকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। একই সাথে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিক্ষোভের চাপ সামাল দিতে সরকার কিছু পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো।

এর আগে গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছিল। কয়েক মাস ধরে চলা ওই আন্দোলনের পর এবার নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এতে প্রধানমন্ত্রী এদি রামার সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বেড়েছে।

২০১৩ সাল থেকে আলবেনিয়ার ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পাশাপাশি দুর্নীতির অভিযোগ ও বিভিন্ন জনঅসন্তোষের কারণে তার সরকারকে এখন নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পেতে আগ্রহী বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে অগ্রসর অবস্থানে রয়েছে আলবেনিয়া। ২০৩০ সালের মধ্যে জোটটির সদস্য হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তবে দুর্নীতির অভিযোগ ও চলমান সরকারবিরোধী আন্দোলন সেই লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স