প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা এবং প্রতিদিন বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীর যাতায়াতের কারণে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে পরিচয়পত্র (আইডি কার্ড) রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, শুধু সচিবালয়ে প্রবেশের সময় নয়, ভেতরে অবস্থানকালেও পরিচয়পত্র এমনভাবে প্রদর্শন করতে হবে, যাতে সহজেই তা দেখা যায়। অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমানো, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমানের সই করা চিঠিটি সচিবালয়ের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় প্রবেশ কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন।
এতে আরও বলা হয়, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী প্রবেশ কার্ডধারীদের পাশাপাশি বিভিন্ন সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র প্রদর্শন জরুরি হয়ে পড়েছে।
এ অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নির্দেশনার ফলে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র শুধু সাথে রাখলেই হবে না, তা দৃশ্যমান অবস্থায় রাখতে হবে। এতে সচিবালয়ের ভেতরে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং অনুমোদিত প্রবেশাধিকার তদারক করা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।


