পবিত্র কোরআনে স্বামী-স্ত্রীকে একে অপরের ‘পোশাক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসলামে দাম্পত্য সম্পর্ককে অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ বন্ধন হিসেবে বিবেচনা করা হয়। আর এই সম্পর্ক নষ্ট করাই শয়তান বা ইবলিসের অন্যতম লক্ষ্য। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ, রাগ ও দূরত্ব তৈরি করে একটি সুখী পরিবারে ভাঙন ধরাতে নানা কৌশল অবলম্বন করে শয়তান।
ইসলামি ধর্মীয় বর্ণনা ও ব্যাখ্যায় দাম্পত্য জীবনে শয়তানের এসব প্ররোচনার কথা উঠে এসেছে। হাদিসে বর্ণিত হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারলে ইবলিস তার অনুসারীদের বিশেষভাবে পুরস্কৃত করে।
বিয়েবিচ্ছেদে শয়তানের সর্বোচ্চ আনন্দ
স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো শয়তানের কাছে সবচেয়ে বড় সফলতার কাজ। মহানবী (সা.) একটি হাদিসে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন।
তিনি বলেছেন, ‘ইবলিস পানির ওপর তার সিংহাসন স্থাপন করে এবং মানুষের মাঝে ফিতনা সৃষ্টির জন্য তার বাহিনীকে পাঠায়... তাদের মধ্যে একজন এসে বলে, আমি অমুক স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে ছেড়েছি; তখন ইবলিস তাকে বুকে টেনে নেয় এবং বলে, তুমিই সবচেয়ে ভালো কাজ করেছ।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৮১৩)
এই হাদিস থেকে বোঝা যায়, একটি পরিবারে ভাঙন ধরানো শয়তানের অন্যতম বড় উদ্দেশ্য। তাই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার যেকোনো প্রচেষ্টাকে ইসলামি দৃষ্টিতে গুরুত্বের সাথে দেখা হয়।
ছোট ভুলকে বড় করে দেখানো
দাম্পত্য জীবনে স্বামী কিংবা স্ত্রী কেউই ভুলের ঊর্ধ্বে নন। কিন্তু শয়তান দুজনের ভালো দিকগুলো আড়াল করে একে অপরের ছোটখাটো ভুল ও সীমাবদ্ধতাকে বড় করে দেখানোর চেষ্টা করে। এর ফলে ধীরে ধীরে ভালোবাসা, শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়ায় ঘাটতি তৈরি হয়।
এ ধরনের পরিস্থিতিতে মহানবী (সা.) স্বামীদের ধৈর্য ধরার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কোনো মুমিন স্বামী যেন তার মুমিন স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে; কারণ স্ত্রীর একটি স্বভাব অপছন্দ হলেও অন্য একটি স্বভাব তার কাছে পছন্দনীয় হতে পারে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৪৬৯)
অহেতুক সন্দেহ ও অবিশ্বাস তৈরি করা
স্বামী-স্ত্রীর সম্পর্কের অন্যতম ভিত্তি পারস্পরিক বিশ্বাস। কিন্তু শয়তান এই বিশ্বাস নষ্ট করতে নানা ধরনের সন্দেহের জন্ম দেয়। স্বামী বা স্ত্রীর মনে একে অপরের চরিত্র, বিশ্বস্ততা কিংবা আচরণ নিয়ে অমূলক সন্দেহ তৈরি করে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়িয়ে তোলে।
হাদিসের বর্ণনা অনুযায়ী, শয়তান মানুষের শিরা-উপশিরায় চলাচল করতে পারে। ফলে মানুষের মনে কুমন্ত্রণা সৃষ্টি করে তাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে।
পবিত্র কোরআনেও জাদুটোনা ও শয়তানি প্ররোচনার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, জাদুর মাধ্যমে তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। (সুরা বাকারা, আয়াত: ১০২)
ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, শয়তান ও জাদুকরেরা স্বামী-স্ত্রীর মনে একে অপরের প্রতি কাল্পনিক কুৎসিত রূপ বা বিদ্বেষ তৈরি করে দেয়, যাতে তারা একে অপরকে সন্দেহ করে এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ১/১৪৪, দারু তাইয়িবাহ, রিয়াদ, ১৯৯৯)
রাগের সময় তালাকের প্ররোচনা দেওয়া
স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান কিংবা মতবিরোধ হওয়া অস্বাভাবিক নয়। তবে শয়তান এসব পরিস্থিতিতে রাগ ও উত্তেজনা বাড়িয়ে দেয়। ফলে মানুষ অনেক সময় নিজের বিবেক-বুদ্ধি হারিয়ে এমন কথা বলে বসে, যার পরিণতি হতে পারে একটি সংসারের ভাঙন।
মহানবী (সা.) বলেছেন, ‘রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুনের তৈরি...।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৮৪)
রাগের বশবর্তী হয়ে অনেক স্বামী তালাকের মতো গুরুতর শব্দ উচ্চারণ করে ফেলেন। এ সময় শয়তান মানুষের বিবেচনাবোধকে প্রভাবিত করে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এ বিষয়ে ইবনে আবিদিনের রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার গ্রন্থে আলোচনা রয়েছে। (৩/২৪৪, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)
পরস্পরের অধিকার পালনে উদাসীন করা
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি শারীরিক ও মানসিক অধিকার রয়েছে। শয়তান এসব অধিকার পালনে দুজনের মধ্যে অবহেলা ও অনীহা তৈরি করতে পারে। একই সাথে বাইরের গায়রে মাহরাম মানুষের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দাম্পত্য সম্পর্কে অশান্তি তৈরির চেষ্টা করে।
এ ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে মহানবী (সা.) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। কোনো ব্যক্তি অন্য নারীর প্রতি আকৃষ্ট হলে তাকে নিজের স্ত্রীর কাছে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে তার মনের কুমন্ত্রণা দূর হতে পারে। (সহিহ মুসলিম, হাদিস: ১৪০৩)
স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার ও অন্তরঙ্গতা রক্ষা করা জরুরি। এতে তারা বাইরের ফিতনা ও শয়তানের প্ররোচনা থেকে নিজেদের চরিত্র ও দাম্পত্য সম্পর্ক সুরক্ষিত রাখতে পারেন। (আল-ফতোয়া আল-হিন্দিয়া, ১/৩২৭, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ২০০০)
দাম্পত্য জীবনে শয়তানের এসব কুমন্ত্রণা থেকে বাঁচতে স্বামী-স্ত্রী দুজনেরই সচেতন থাকা প্রয়োজন। ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া, একে অপরের ভুল ক্ষমা করা, ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করা এবং যেকোনো বিরোধ নিজেদের মধ্যে সুন্দরভাবে মিটিয়ে ফেলার অভ্যাস গড়ে তোলা উচিত।
বিশেষ করে রাগ ও সন্দেহের মুহূর্তে ‘আউজুবিল্লাহ’ পড়ে আল্লাহর আশ্রয় চাওয়া এবং ধৈর্য ধারণ করা জরুরি। পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ববোধ বজায় রাখার মাধ্যমেই দাম্পত্য জীবনকে শয়তানের প্ররোচনা থেকে সুরক্ষিত রাখা সম্ভব।



