জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
তবে বিবিসি বাংলার এক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে বাড়িতে থাকা দুইটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া অন্য কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের দিকে নুসরাত তাবাসসুম তাকে ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে ছিল। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান জানান, তারা এখন পর্যন্ত প্রেট্রোল বোমা হামলার কোনো আলামত পাননি।
তিনি বলেন, তবে, আমরা অনুসন্ধান করছি যে যদি এটা বোমা হয়, তাহলে এখানে কারা জড়িত আছে। এটা তো মূলত ফায়ার সার্ভিসই বলে যে কীভাবে আগুন লেগেছে। তারা এখন পর্যন্ত কোনো মতামত দেয় নাই।
ওসি বলেন, আর পল্লী বিদ্যুতের লোকও এসেছিলেন। তারাও পরীক্ষা-নিরীক্ষা করছেন যেন এটা শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কিছু। পল্লী বিদ্যুৎও এখনো ফলাফল দেয়নি।
কী ধরনের আলামত পেলে বোঝা যেত যে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, পেট্রোল বোমার ক্ষেত্রে গ্লাস বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়। এক্ষেত্রে এগুলোর কোনোকিছু পাওয়া যায়নি। এ নিয়ে আরও অনুসন্ধান চলতেছে।


