...|...|...

রাজনীতি

সংসদে সমাধান মেলেনি, তাই আবার রাজপথে আমরা: নাসীরুদ্দীন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৩
Shares
সংসদে সমাধান মেলেনি, তাই আবার রাজপথে আমরা: নাসীরুদ্দীন

(এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে জনগণের সমস্যার সমাধান না হওয়ায় আবারও রাজপথে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার গ্যাসের ফি নিলেও গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন না। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। তার অভিযোগ, আগের সরকারের সময় জনগণকে কষ্ট দেওয়ার প্রতিবাদ করা হলেও বর্তমান সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠলে ভিন্ন অবস্থান নেওয়া হচ্ছে।

চাঁদাবাজির প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারদলীয় লোকজন অটোরিকশা ও দোকান থেকে চাঁদা আদায় করছেন। আগে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল, এখন ছাত্রদলের বিরুদ্ধেও একই অভিযোগ উঠছে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, পুলিশের এমন বক্তব্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তিনি আইজিপির বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পুলিশের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, সাবেক প্রতিমন্ত্রী ইশরাকসহ বিভিন্ন স্থানে সরকারদলীয় ব্যক্তিরা অস্ত্র নিয়ে মাঠে নামছেন। এ পরিস্থিতিতে অপরাধী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের আলাদা করে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, জনগণের সমস্যা সংসদে তুলে ধরার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে এসব সমস্যার সমাধান না হওয়ায় আবারও রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে।

গণমাধ্যমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, ‘আমার দেশ’ পত্রিকার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সাথে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।