সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ধারাবাহিক বৈঠক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তার মতে, বৈঠকগুলো সরাসরি সম্প্রচার করা হলে সংবিধান নিয়ে বিভিন্ন পক্ষের মতামত সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন এবং সেগুলো বিশ্লেষণ করে নিজেদের ধারণা গড়ে তোলার সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তাজনূভা জাবীন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
পোস্টে তিনি লেখেন, সম্প্রতি গণ্যমান্য সাংবাদিক ও সম্পাদকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে বিশেষ কমিটি। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, আগামী ২৪ তারিখ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের সাথে দিনব্যাপী বৈঠক করবেন।
তাজনূভা জাবীন আরও লেখেন, বৈঠকগুলো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হোক। এতে ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গণভোটের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া সাধারণ মানুষ আলোচনাগুলো সরাসরি শুনতে পারবেন।
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সাথে বর্তমান বৈঠকগুলোর পার্থক্য কী, সংবিধান নিয়ে কে কী মতামত দিচ্ছেন এবং জুলাই সনদে দেওয়া মতামতের সাথে বর্তমান প্রস্তাবগুলোর কী কী পার্থক্য রয়েছে-এসব বিষয় জনগণের কাছে আরও স্পষ্ট হবে। পাশাপাশি বিভিন্ন মতামত তুলনা ও বিশ্লেষণ করাও সহজ হবে।
সবশেষ তাজনূভা জাবীন লেখেন, এই আয়োজন জনগণের স্বার্থেই করা হচ্ছে। এটি কোনো দলীয় বিষয় নয় কিংবা রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ও নয়। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা যখন সরাসরি সম্প্রচার করা হয়েছিল, তখন বর্তমান বৈঠকগুলো সরাসরি সম্প্রচারে আপত্তি কোথায়, সেই প্রশ্নও তোলা হয়েছে।


