...|...|...

জাতীয়

শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:১২
Shares
শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা

ছবি: সংগৃহীত

আন্দোলনের নামে ভাঙচুর ও সড়ক অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে রোববার (১৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটি জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ করা হলে বন্ধের সময় শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, পোশাক খাতে নিম্নতম মজুরির বিষয়কে কেন্দ্র করে একটি মহল এ শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষার বিষয়টি পর্যালোচনা করে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার মালিকরা কঠিন হলেও অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব অঞ্চলের কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো শ্রম আইন অনুযায়ী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকরা।

শ্রম আইনের ১৩(১) ধারার ব্যাখ্যা দিয়ে মাহমুদ হাসান খান বলেন, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করতে পারেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

শ্রমিক অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আন্তরিক এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে কিছু শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব শ্রমিক নিজেরা কাজ করছেন না, অন্যদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।

মাহমুদ হাসান খান আরও বলেন, কারখানার ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি করে শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। পরে তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করছেন এবং সেখানকার শ্রমিকদেরও জোর করে বাইরে বের করে আনছেন।

শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিরা চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সাথে তাদের বা কোনো শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। তবে সংকট নিরসনে শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, শনিবারের জরুরি সভায় দেড় হাজারের বেশি কারখানার মালিক অংশ নেন। তারা জানিয়েছেন, কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধ চলতে থাকলে একই সাথে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়। তবে দায়িত্বশীল অংশ হিসেবে তারা আগামী ১৬ নভেম্বরের মজুরি বোর্ডের বৈঠকে অংশ নেবেন।

তিনি বলেন, মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। শ্রমিক অসন্তোষ শুরু হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে। মজুরি-সংক্রান্ত দাবির কারণে আন্দোলন হয়ে থাকলে মজুরি বোর্ড গঠনের পরও ভাঙচুর ও বিশৃঙ্খলা চালিয়ে যাওয়া যৌক্তিক নয় বলে মনে করেন তিনি।

বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এ সংকটময় সময়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পুরো খাত হুমকির মুখে পড়ে। মালিক-শ্রমিক সবাইকে মিলেই এ শিল্প টিকিয়ে রাখতে হবে।