...|...|...

জাতীয়

পোশাক শ্রমিকদের আন্দোলন

শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের জরুরি বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৭ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৯
Shares
শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের জরুরি বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করা হয়েছে। একই সাথে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে জরুরি বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাধিক গণমাধ্যম।

সূত্র জানায়, শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে রবিবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এদিকে, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে রবিবার সকালে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী। তবে বোর্ড গঠনের ঘোষণা এলেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মিরপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে শ্রমমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার আগেই সংবাদমাধ্যম এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সাথে আলোচনায় রবিবার মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানিয়েছিল। এরপরও শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তিনি আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

নতুন মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনকে।

এ ছাড়া তৈরি পোশাকশিল্পের জন্য মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।