...|...|...

খেলা

শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন মেসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩১
Shares
শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামবেন লিওনেল মেসি। তবে সেটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। আগামী অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে বিদায়ী সংবর্ধনা দেবে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি।

আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসিকে মঙ্গলবার লিওনেল স্কালোনির ২৮ সদস্যের দলে রাখা হয়েছে। এএফএ জানিয়েছে, স্কালোনির সাথে আলোচনা করেই অক্টোবর মেসিকে তার প্রাপ্য বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসিও এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ওই ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী সতীর্থদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে।

তিনটি প্রীতি ম্যাচের মধ্যে শুধু বেনিনের বিপক্ষেই খেলবেন মেসি। আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে। এরপর অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে তারা। তিন দিন পর একই মাঠে বেনিনের বিপক্ষে নামবে আর্জেন্টিনা।

জাতীয় দলের হয়ে দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার শেষে বিদায় নিতে যাওয়া মেসি আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। বেনিনের বিপক্ষে ম্যাচটি খেললে তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দাঁড়াবে ২০৮ এ। বর্তমানে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

মেসির পাশাপাশি ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ জিওভানি লো সেলসো রদ্রিগো দে পলও বেনিন ম্যাচের জন্য দলে আছেন। কাতার বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও পরিবারসহ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

আর্জেন্টিনার প্রীতি ম্যাচের স্কোয়াড:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লেওনার্দো বালেরদি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফয়থ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা

মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেস্টিয়ানি

 ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, লিওনেল মেসি