সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলে সম্বোধন করায় সংশ্লিষ্ট সাংবাদিককে আরও ‘পেশাদার’ হওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি স্পষ্ট করে জানান, সরকারের তথ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বে বসেছেন, কারও আত্মীয় হিসেবে নয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে তৎকালীন শেখ হাসিনাকে ‘আপনার আত্মীয়’ বলে সম্বোধন করেন এবং তাকে ভারত থেকে ফেরত আনার অগ্রগতি জানতে চান। জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আগামীতে আপনি পেশাদার বজায় রেখে প্রশ্ন করবেন।’
এ সময় পাশ থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান মন্তব্য করেন, রাজনীতিতে পার্থর অবস্থান বহুবছর ধরে সুস্পষ্ট ও সবার জানা।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। আমরা চায় ভারতের আদালত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত আনা হোক। যে শর্তগুলোর কথা শোনা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সেখানকার সরকার রাজনৈতিকভাবে এই দায়ভার নিতে চাইছে না। সংবাদটি তার জন্য খুব একটা সুখকর হবে না।’
তিনি আরও যুক্ত করেন, ‘আমাদের দাবি একটাই—শুধু শেখ হাসিনা নন, যাদের নামে মামলা ও অভিযোগ রয়েছে তাদের প্রত্যেককে ফেরত আনা হবে। জুলাই বিপ্লবসহ অতীতের সব অপরাধের সঠিক বিচার করতে সরকার বদ্ধপরিকর।’
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘গণতন্ত্র মানসিকতার বিষয়, কোনো কাঠামোগত বিষয় নয়। বিগত ১৭ বছর সমালোচনা শোনার মতো মানসিকতা ছিল না। কিন্তু বর্তমান সরকারের আমালে সংবাদমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ বা নির্দেশনার বহিঃপ্রকাশ ঘটেনি।’
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।


