শীত মৌসুমকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। নতুন পণ্যের তালিকায় রয়েছে ওয়াইফাই ও ভয়েস কমান্ডে পরিচালনাযোগ্য স্মার্ট গিজার, বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক কেটলি এবং গরম-ঠান্ডা দুই ধরনের বাতাস সরবরাহে সক্ষম কম্বো রুম হিটার।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন গিজার সিরিজে রয়েছে ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট মডেল, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং ৩০ লিটারের সুপ্রিম মডেল। অ্যাকুয়াওয়ার্ম মডেলে যুক্ত করা হয়েছে আইওটি-ভিত্তিক ওয়াইফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডে পরিচালনার সুবিধা। ক্রিস্টাল ফ্লেক্স মডেলে রয়েছে ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন এবং দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। অন্যদিকে, সুপ্রিম মডেলে ব্যবহার করা হয়েছে উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডি।
এ ছাড়া ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বিভিন্ন নতুন ডিজাইনের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে ওয়ালটন। শীতের জন্য নতুন কম্বো মডেলের রুম হিটারেও রাখা হয়েছে বাড়তি সুবিধা। এতে ঘর গরম করার পাশাপাশি এয়ার কুলার ও এয়ার হিউমিডিটি সুবিধা রয়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটনের সব হোম অ্যাপ্লায়েন্স বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন গিজারগুলোতে মরিচা প্রতিরোধী এবং পানির খনিজ আস্তরণ জমা ঠেকানোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত চট থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত তাপের কারণে দুর্ঘটনা এড়াতে গিজারগুলোতে রাখা হয়েছে দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা।
তিনি আরও জানান, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ইলেকট্রিক কেটলিতে ব্যবহার করা হয়েছে TÜV SÜD কর্তৃক পরীক্ষিত FCM (Food Contact Material) সনদপ্রাপ্ত ফুড গ্রেড উপকরণ। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি পণ্যগুলোতে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
ওয়ালটনের ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজারটি অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের সাহায্যে স্মার্টফোন থেকে যেকোনো স্থানেই গিজারটি পরিচালনা করা সম্ভব। এতে সর্বোচ্চ নিরাপত্তার জন্য ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির অটোমেটিক কাট-অফ সুবিধা যুক্ত করা হয়েছে। বর্তমানে ওয়ালটনের গিজারে সাত বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, নতুন কম্বো রুম হিটারটি শীতকালে ঘর গরম রাখার পাশাপাশি গরমের সময় বাতাস শীতল করতেও ব্যবহার করা যাবে। এতে বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে। ফলে একাধিক মৌসুমে ব্যবহারের উপযোগী করেই তৈরি করা হয়েছে নতুন এই হোম অ্যাপ্লায়েন্সটি।

