মাদারীপুরের শিবচরে নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির তাইজুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীর সাথে একটি কক্ষে থাকা অবস্থায় তাকে স্থানীয় লোকজন আটক করেছেন বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামার কান্দিগ্রামে তাইজুল ইসলামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বাবার নাম আব্দুর রহমান মিয়াজী। ঘটনার পর সন্ধ্যা থেকে ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যায় থাকা নারীদের সমাধানের আশ্বাস দিয়ে পানিপড়া ও ঝাড়ফুঁকের মাধ্যমে কথিত চিকিৎসা করতেন। এ প্রক্রিয়ায় নারীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর সরদার বলেন, চিকিৎসার কথা বলে নারীদের বাড়িতে এনে তাদের সাথে অনৈতিক কর্মকাণ্ড করেন তিনি। এ ধরনের অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের শাস্তি হওয়া প্রয়োজন।
এ বিষয়ে বক্তব্য জানতে তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছরোয়ার হোসাইন মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


