...|...|...

সারাদেশ

শিক্ষাসফরের বাস উল্টে মাদ্রাসা শিক্ষিকাসহ নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৪ | আপডেট: ৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫১
Shares
শিক্ষাসফরের বাস উল্টে মাদ্রাসা শিক্ষিকাসহ নিহত ২

শিক্ষাসফরের বাস উল্টে দুর্ঘটনা। ছবি: টাইমস টুডে

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে এক মাদ্রাসা শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। তাদের বাসটি আগে ছিল। পেছনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডোবায় পড়ে যায়। নিহত দুজন বাসের সামনের আসনে ছিলেন। পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে লাশ দোহাজারী হাইওয়ে থানায় রয়েছে। নিহতদের স্বজনেরা এলে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

স্থানীয় অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ রাশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।