...|...|...

বিনোদন

শাহরুখকে নিয়ে আম্বানিপুত্রের আচরণে বিতর্ক, আসলে কী ঘটেছিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৩
Shares
শাহরুখকে নিয়ে আম্বানিপুত্রের আচরণে বিতর্ক, আসলে কী ঘটেছিল

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে আধ্যাত্মিক গুরু সদগুরুর সাথে কথা বলছিলেন বলিউড তারকা শাহরুখ খান। এ সময় সেখানে হাজির হন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি।

তাদের কথোপকথনের একপর্যায়ে অনন্তের একটি অঙ্গভঙ্গি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

অনুষ্ঠানটিতে চলচ্চিত্র, ক্রীড়া, ব্যবসা ও আধ্যাত্মিক জগতের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। শাহরুখের পাশাপাশি সেখানে ছিলেন রণবীর সিং, অক্ষয় কুমার, বিক্রান্ত মাসে, অনন্ত আম্বানি ও সদগুরু।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সদগুরুর সাথে আলিঙ্গনের পর তার হাত ধরে কথা বলছিলেন শাহরুখ। একপর্যায়ে তাকে করজোড়ে সম্মান জানাতেও দেখা যায়। এ সময় সদগুরুর কাছে এগিয়ে আসেন অনন্ত। তাকে দেখে হাসিমুখে কথা বলতে শুরু করেন শাহরুখ। অনন্তকেও হাসিমুখে তার সাথে কথা বলতে দেখা যায়। কথোপকথনের একপর্যায়ে হাত তুলে একটি ইশারা করেন অনন্ত।

ভিডিওর ওই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনন্তের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, শাহরুখের সাথে কথা বলার সময় এভাবে হাত তুলে ইশারা করা অনুচিত। কেউ কেউ অনন্তের এই অঙ্গভঙ্গিকে শাহরুখকে থামার সংকেত হিসেবেও ব্যাখ্যা করছেন। তাদের মতে, এমন আচরণে বলিউড তারকার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি।

তবে এ ঘটনায় সবার প্রতিক্রিয়া এক রকম নয়। অনেকের মতে, শাহরুখ ও অনন্তের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। তাই অনন্তের ওই ইশারা নিছকই স্বাভাবিক কথোপকথনের অংশ হতে পারে। পুরো সময় দুজনকেই হাসিমুখে দেখা যাওয়ায় বিষয়টিকে নেতিবাচকভাবে দেখারও প্রয়োজন নেই বলে মনে করছেন কেউ কেউ।

এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত শাহরুখ খান কিংবা অনন্ত আম্বানি- কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি।