অ্যানফিল্ডে লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে মাঠের দুর্দান্ত ফুটবলের উল্টো পিঠে বাইরের পরিবেশ ছিল বেশ উত্তপ্ত। দুই দলের সমর্থকদের সহিংস আচরণ ও গণ্ডগোলের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সামলাতে গিয়ে এক পুলিশ সদস্য মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১১ অক্টোবর) অ্যানফিল্ডে ম্যাচ চলাকালীন ও খেলা শেষে নিরাপত্তা বজায় রাখতে গিয়ে ওই ১০ জনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ফুটবলের নির্মম ট্র্যাজেডি নিয়ে বিদ্রূপাত্মক স্লোগান দেওয়ার অভিযোগ রয়েছে।
একজন পুলিশ সদস্যের ওপর হামলা, দুজন সংঘর্ষে জড়ানো, একজন মাঠে বস্তু নিক্ষেপ এবং একজন মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গ্রেফতার হয়েছেন।
খেলার পর স্টেডিয়াম এলাকা খালি করার সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক আসামিকে গ্রেফতার করতে গেলে হামলায় গুরুতর আহত হন ডিউটিতে থাকা এক পুলিশ সদস্য। মার্সিসাইড পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের ভিডিও পর্যবেক্ষণ করে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ম্যানসিটিকে দোষী সাব্যস্ত করার পর থেকেই দুই ক্লাবের বৈরিতা চরম রূপ নেয়। অ্যানফিল্ডে পৌঁছানোর পর থেকেই স্বাগতিক দর্শকদের তীব্র বিদ্রূপের মুখে পড়তে হয় ম্যানসিটিকে। গ্যালারিতে ‘প্রতারক’ লেখা ব্যানারসহ চলে বিষোদ্গার।
তবে মাঠের খেলায় আর্লিং হালান্ডরা দাপট দেখিয়ে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে লিগে টানা ষষ্ঠ জয় তুলে নেন। সহিংসতায় জড়িত বাকিদের শনাক্ত করতে ফুটবল কর্তৃপক্ষের সহায়তা নিচ্ছে স্থানীয় পুলিশ।

