কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদল ও ছাত্রদলের পৃথক ব্যানারে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।
যুবদলের মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা সোহরাব হোসেন বুলু, হাসান মাহমুদ ইব্রাহিম, আবদুল্লাহ আল মামুন, আবদুল মালেক, ফয়েজ আহমেদ, জাকির হোসেন ও সামছুল আহসান মামুনসহ অনেকে।
অন্যদিকে, ছাত্রদলের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না, জামাল হোসেন, শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইয়াছিন বাবলু, কলেজ ছাত্রদলের সভাপতি ইসলাম হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলসহ অনেকে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে কোনো অপশক্তির ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।


