বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম। সাধারণ সম্পাদক হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাসুদ আহমেদ মিলন।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জারি করা এক বিজ্ঞপ্তিতে সোমবার নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির সাত সহসভাপতি হলেন আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদ, মাজহারুল ইসলাম খান, মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক ও শারাফাতউল্ল্যা আরিফ।
যুগ্ম সম্পাদক হয়েছেন আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল আহসান আকন্দ। এ ছাড়া কমিটির ১৭ সদস্যের মধ্যে রয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়।
নতুন দায়িত্ব প্রসঙ্গে সভাপতি কায়েস আহমেদ সেলিম বলেন, দেশের রোলার স্কেটিংয়ের মানোন্নয়ন এবং দেশব্যাপী এ খেলার প্রসারই হবে তাদের প্রধান লক্ষ্য। রোলার স্কেটিং কমিউনিটির সাথে তিনি আগে থেকেই পরিচিত। দায়িত্বে থাকাকালে ফেডারেশনের উন্নয়ন ও সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ খেলার পেশাদারিত্ব বাড়াতে দেশে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতা ছাড়া খেলাটির উন্নয়ন সম্ভব নয়। এ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে।
এবার বিজয় দিবসে ফেডারেশনের পক্ষ থেকে ব্যতিক্রমী ও বর্ণিল আয়োজনেরও চেষ্টা থাকবে বলে জানান তিনি।

