...|...|...

খেলা

রেকর্ড গড়ে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, রাত ১২:৪৮
Shares
রেকর্ড গড়ে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

জয়ের জন্য তখন ১২ বলে দরকার ১০ রান, অন্যদিকে সেঞ্চুরি ছুঁতে শেই হোপের চাই ঠিক ১০। ভারতীয় স্পিনার আকসার প্যাটেলের তিন বলের মধ্যে দুর্দান্ত দুটি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। হোপের রেকর্ডের ভেলায় চড়ে বড় লক্ষ্য তাড়া করে জিতেছে সফরকারীরা।

শুক্রবার (৯ অক্টোবর) রাঁচিতে রান উৎসবের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে সাঞ্জু স্যামসনের ৪১ বলে ৮২ রানের তাণ্ডবে ২০ ওভারে ২৪৯ রান তোলে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ দলীয় স্কোর।

জবাবে ২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে মাত্র ৩ উইকেটে ৪৫ রান হারিয়ে ব্যাকফুটে চলে যায় ক্যারিবীয়রা। সেখান থেকে ম্যাচ বের করেন হোপ ও শেরফেন রাদারফোর্ড। দুজনের ৫৪ বলে ১২০ রানের ঝোড়ো জুটিতে ভর করে ৯ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দল।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ভারতের বিরুদ্ধে এর আগে ২২৩ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড ছিল না কারও।

ওয়েস্ট ইন্ডিজের জয়ের মূল নায়ক অধিনায়ক শেই হোপ ৪৫ বলে ৯টি ছক্কা ও ৬টি চারে ১০২ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে পাঁচ নম্বরে নেমে ৩৭ বলে ৮৪ রান করেন রাদারফোর্ড।

ছক্কা ও রানের বন্যায় ভাসানো এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট ৩৩টি ছক্কা ও ৫০১ রান হয়। সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার (১১ অক্টোবর)।