...|...|...

খেলা

রেকর্ড গড়া দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:২৭
Shares
রেকর্ড গড়া দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

জেক ফ্রেজার-ম্যাকগার্ক। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে আবারও বিধ্বংসী রূপে দেখা গেল জেক ফ্রেজার-ম্যাকগার্ককে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপে মাত্র ১৪ বলে অর্ধশতক এবং ৪৯ বলে সেঞ্চুরি করেছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ওপেনার। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া এক দিনের ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।

অ্যাডিলেডের ক্যারেন রলটন ওভালে কুইন্সল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ম্যাকগার্ক। ১৪ বলে ফিফটি করার পর ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২২ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটার। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তার দ্বিতীয় সেঞ্চুরি।

মাত্র ১৪ বলে ফিফটি করে নিজের আগের রেকর্ডও ভেঙেছেন ম্যাকগার্ক। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার আগের চেয়ে চার বল কম খেলে নিজের কীর্তি ছাড়িয়ে গেলেন।

বিশ্ব ক্রিকেটে লিস্ট ‘এ’ ম্যাচে দ্রুততম ফিফটির তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন ম্যাকগার্ক। তার চেয়ে তিন বল কমে, অর্থাৎ মাত্র ১১ বলে অর্ধশতক করার কীর্তি রয়েছে ভারতের বৈভব সূর্যবংশীর। জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

ওয়ানডে কাপে এর আগেও বিশ্বরেকর্ড গড়েছিলেন ম্যাকগার্ক। ২০২৩ সালের অক্টোবরে তাসমানিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড গড়েন এই ব্যাটার। সেদিন ৩৮ বলে ১২৫ রান করেছিলেন তিনি, যেখানে ছিল ১৩টি ছক্কা।

কুইন্সল্যান্ডের বিপক্ষেও নিজের সেই রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি করেছিলেন ম্যাকগার্ক। ফিফটির পর মাত্র আট বলের মধ্যে চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২২ বলেই ৭৫ রানে পৌঁছে যান। তবে নবম ওভারে কুইন্সল্যান্ডের লেগ স্পিনার মিচেল সুইপসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে তার গতিতে কিছুটা লাগাম পড়ে। ওই ওভারে পাঁচ বল করে মাত্র এক রান দেন সুইপসন।

এরপর কিছুটা ধীরগতিতে রান তুললেও ১৪তম ওভারে পরপর দুটি ছক্কা মেরে নব্বইয়ের ঘরে পৌঁছান ম্যাকগার্ক। পরে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত হেইডেন কেরের বলে এলবিডব্লিউ হয়ে ১২২ রানে থামে তার ইনিংস।

ম্যাকগার্কের পর সেঞ্চুরি করেন নাথান ম্যাকসুইনি। দুজনের শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে কুইন্সল্যান্ড।