...|...|...

জাতীয়

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৪
Shares
রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে। একই ঘটনায় আহত আরও চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাদের লাশ দেশে ফিরিয়ে আনার যাবতীয় ব্যয় বহন করবে সরকার। এ ছাড়া আহত চার বাংলাদেশি বর্তমানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে, রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির প্রাণহানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় ও অন্যান্য তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সরকার।

বাংলাদেশ সরকার বলেছে, বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা এবং বেসামরিক স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ চলমান সংকট নিরসনে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।