...|...|...

সারাদেশ

রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৭
Shares
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তার এই আগমনকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও সৌন্দর্য বর্ধনের কাজ।

সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সিলেট নগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ডিভাইডার, ঐতিহাসিক কীন ব্রিজ, সার্কিট হাউস প্রাঙ্গণসহ বিভিন্ন পয়েন্টে নতুন রঙের কাজ চলছে। এছাড়া সিলেট সিটি করপোরেশন এবং হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় চলছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রূপসজ্জার কার্যক্রম। সার্বিক সফর নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

রাষ্ট্রপতির মাজার জিয়ারতকে কেন্দ্র করে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হযরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফ পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

পরিদর্শনকালে তিনি দরগাহ এলাকার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় তিনি রাষ্ট্রপতির জিয়ারত নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সফরের সার্বিক অগ্রগতি ও প্রস্তুতির বিষয়ে অবহিত করতে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতির সফরসূচি ও নাগরিক সংবর্ধনার আয়োজনের অগ্রগতি তুলে ধরেন।

সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক জানান, রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে সিলেটের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তার প্রতিফলন ঘটবে।