...|...|...

জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১১ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৭
Shares
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে

সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুলকে আজ আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন। তিনি রাকিবুলকে আবার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আসামি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া ৪ মিনিট ২৯ সেকেন্ডের অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সাথে আসামি মো. রাকিবুল হাসানের কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে আবার তিন দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার এক পরিদর্শক সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এরপর রাকিবুল হাসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

মামলায় বলা হয়, পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী সম্পর্কে রাকিবুল হাসানের উসকানিমূলক বক্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। রাকিবুলের সাথে চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।

রাকিবুল হাসান রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ওসি থাকা অবস্থায় ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা ও পুলিশের সক্ষমতা নিয়ে রাকিবুল হাসানকে মন্তব্য করতে শোনা যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ করেন।

এমন বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ১৭ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তবে ডিএমপির আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।