...|...|...

আবহাওয়া

রাতের মধ্যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:১৩
Shares
রাতের মধ্যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে রাতের মধ্যে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, শনিবার রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, বগুড়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে নওগাঁর বদলগাছীতে দেশের সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পটুয়াখালীতে ৪১, কুমিল্লায় ৩৯, চুয়াডাঙ্গা ও বরিশালে ৩৭, কুষ্টিয়ার কুমারখালীতে ৩৬, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩২, বগুড়ায় ২৫, চাঁদপুরে ২৪, ফেনীতে ২০, নোয়াখালীর মাইজদীকোর্টে ১৯ এবং সিরাজগঞ্জের তাড়াশে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।