রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে সোমবার বিকেল থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। ওই দিন ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে রাতের দিকে তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। বুধবার (২৫ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।


