দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে পুলিশি গ্রেফতার এড়াতে আগেভাগেই বিকল্প নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে বিমানবন্দর থেকে আটকের শিকার হওয়ার ঠিক আগমুহূর্তে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দলের দায়িত্ব সঁপে গেছেন অজিঙ্কা শিন্ডের ওপর।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর তথ্যানুযায়ী, শনিবার সকালে নির্ধারিত বিক্ষোভ শুরুর আগেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
এর আগে, আটকের পূর্ণ আশঙ্কা থেকেই আগের রাতে ওই বিশেষ ভিডিও বার্তাটি রেকর্ড করে রেখেছিলেন অভিজিৎ। পরে আজ সকালে সিজিপির অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
বার্তায় সিজিপি প্রধান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, যদি পুলিশ তাকে এবং তার দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে, তবে তাতে আন্দোলন থেমে থাকবে না। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে অত্যন্ত দৃঢ়তার সাথে যন্তর মন্তরের এই বিক্ষোভ কর্মসূচি সফলভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।


