...|...|...

সারাদেশ

রাজস্ব ফাঁকি দিয়ে স্টকলটের পোশাক রফতানির চেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৫
Shares
রাজস্ব ফাঁকি দিয়ে স্টকলটের পোশাক রফতানির চেষ্টা

ছবি: টাইমস টুডে

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পোশাকের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের পোশাক রফতানির চেষ্টার অভিযোগে প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার টাকার রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম আইসিডি কাস্টমস।

বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালিয়ে ৪০ হাজার ৮টি পোশাক জব্দ করা হয়।

কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে অভিযান চালায়। এ সময় রফতানিকারক প্রতিষ্ঠান বিকেসি সোয়েটার লিমিটেডের একটি রপ্তানি চালান সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

বিল অব এক্সপোর্ট নম্বর C-779094-এর আওতায় চালানটিতে তিন ধরনের পোশাক-৩৯ হাজার ৩৭৯টি লেডিস, মেনস ও সোয়েটার। ৪৫৮টি লেডিস স্কার্ট এবং ১৭১টি লেডিস প্যান্ট রফতানিরি ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষায় ঘোষণার সাথে মিল না থাকা বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি ৪০ হাজার ৮টি পোশাক পাওয়া যায়।

চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০.৪০ মার্কিন ডলার। গন্তব্য দেখানো হয়েছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম উল্লেখ ছিল।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বিকেসি সোয়েটার লিমিটেড বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা তুলা, নাইলন ও পলিয়েস্টারসহ বিভিন্ন ধরনের কাঁচামাল এবং পোশাকের আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করে ঘোষিত পণ্য উৎপাদন ও রফতানি না করে ভিন্ন উৎসের পোশাক রফতানির চেষ্টা করেছে। এতে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ অবৈধভাবে সরিয়ে ফেলার বিষয়টিও উঠে এসেছে।

কাস্টমসের হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির বিষয়টি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা।

চট্টগ্রাম আইসিডি কাস্টমস সূত্র জানিয়েছে, উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।