রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাতের উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই স্টেশনের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে এবং যাত্রীদের নিয়মিত চলাচল দেখা গেছে। এর মধ্য দিয়ে রাজশাহীর সাথে সারা দেশের রেলযোগাযোগ আবারও স্বাভাবিক হলো।
রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জানান, সোমবার সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ীই ট্রেনগুলো স্টেশন ছেড়ে গেছে। তবে গত রাতে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী ফিরতে দেরি করায় সকালের দিকে রাজশাহী থেকে এটি ছাড়তে কিছুটা বিলম্ব হয়েছে।
এছাড়া গত রাতের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত রেলস্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলমান রয়েছে।
এর আগে গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে নিজের চাচাকে নিতে গিয়ে রেলওয়ে স্টাফদের হামলার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী।
এই খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে সারাদেশের সাথে রাজশাহীর রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ঘটনা ঘটার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ থেকে কোনো দৃশ্যমান বা সন্তোষজনক পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ করে শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে রাবি ক্যাম্পাস থেকে দলবেধে স্টেশনের উদ্দেশে রওনা দেন। পরে তারা স্টেশন ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালান। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


