...|...|...

রাজধানী

রাজধানীতে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ উদ্ধার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪৭
Shares
রাজধানীতে ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জে নিজ বাসার ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ডালিয়া আক্তার সুমা কেরাণীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। তিনি রসুলপুর এলাকার বাসিন্দা লিয়াকত শিকদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন সুমা। জীবিকার প্রয়োজনে তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ফ্ল্যাটটিতে একাই থাকতেন তিনি।

শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।