...|...|...

জাতীয়

রাজধানীতে আইফোন তৈরির অবৈধ কারখানা, ৩ চীনা নাগরিক গ্রেফতার

রাজধানীতে আইফোন তৈরির অবৈধ কারখানা, ৩ চীনা নাগরিক গ্রেফতার

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:২০ | আপডেট: ২৭ জুলাই ২০২৬, সকাল ৯:২৩
Shares
রাজধানীতে আইফোন তৈরির অবৈধ কারখানা, ৩ চীনা নাগরিক গ্রেফতার


রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অবৈধ আইফোন তৈরির কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।  এসব ফোন তৈরির সাথে জড়িত সন্দেহে তিন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

পুলিশ জানায়, কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ দিয়ে সেখানে অবৈধভাবে আইফোন সংযোজন করে স্থানীয় বাজারে সরবরাহ করতেন তারা। 

সম্প্রতি রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।  ডিবি জানায়, অভিযান চালিয়ে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন ও আইফোনের পার্টস ও মোবাইল তৈরির বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়েছে।

মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়।  অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টিসহ একজনকে এবং নিকুঞ্জ-১ থেকে মোট ৩০৫টি মোবাইল ফোনসহ দুই চীনা নাগরিককে গ্রেফতার করে।  গ্রেফতারকালে অবৈধ মোবাইলের পাশাপাশি আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ, পার্টস সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

ডিসি আরও জানা, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আইফোনের বিভিন্ন পার্টস আলাদা করে অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে।  ওই ল্যাবে যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসেবে বাজারে ছাড়া হতো।  প্রায় দেড় বছর ধরে এই চক্র এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।  এ সময়ে তারা বিপুল পরিমাণ ভুয়া মোবাইল ফোন বাজারে সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশি কেউ এ চক্রে আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।

ডিবির এই কর্মকর্তা বলেন, কম দামে ‘অরিজিনাল আইফোন’ বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।  তাই অনুমোদিত ও অফিসিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ রইল।