...|...|...

বিশ্ব

রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ৯:২৬
Shares
রসগোল্লা ভেবে বোমায় কামড়, বিস্ফোরণে প্রাণ গেল যুবকের

ছবি: এআই জেনারেটেড।

ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা ভেবে দেশীয় বোমা মুখে দেয়ার পর বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার পাডারিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর [এনডিটিভির। 

নিহত ব্যক্তির নাম রাজেন্দ্র বারোটিয়া। তিনি নিজের বাড়িতে বসে ছিলেন। এ সময় অভিযুক্ত রাম ভগত বারোটিয়া সেখানে এসে তার সাথে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে রাম ভগত একটি দেশীয় বোমা রাজেন্দ্রর হাতে দিয়ে সেটিকে রসগোল্লা বলে দাবি করেন।

বিষয়টি বুঝতে না পেরে রাজেন্দ্র বস্তুটি মুখে নিয়ে কামড় দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুশীলা বাই বলেন, এটি ছিল পশু শিকারের কাজে ব্যবহৃত একটি বোমা। বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রতিবেশীদের সহায়তা চান। পরে একটি অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ডিন্ডোরির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এ ঘটনায় রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সময় চারপাশে অন্ধকার ছিল। ফলে রাজেন্দ্রর পক্ষে তার হাতে দেয়া বস্তুটি বোমা নাকি রসগোল্লা, তা স্পষ্টভাবে বোঝা সম্ভব হয়নি। বস্তুটিতে কামড় দেয়ার সাথে সাথেই বিস্ফোরণ ঘটে।

জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন, এক কিশোর তাকে বোমাটি দিয়েছিল। ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা কিংবা অন্য কোনো বিরোধ ছিল কি না, তা-সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন।