বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে পর্যটকদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে আগামীকাল জেলার চারটি পর্যটনকেন্দ্রে কোনো প্রবেশ ফি নেওয়া হবে না। এতে প্রতিজন দর্শনার্থীর ২০০ টাকা সাশ্রয় হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল দিনব্যাপী জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি মওকুফ থাকবে। ফলে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের সাথে এসব পর্যটনকেন্দ্রে বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আগামীকাল দিনব্যাপী জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের কোনো প্রবেশ ফি দিতে হবে না। দেশ-বিদেশের পর্যটকরা এ সুযোগ নিতে পারবেন।


