...|...|...

ধর্ম

যে ৩ আমলে হায়াত বৃদ্ধি ও বরকতের সুসংবাদ দিয়েছেন মহানবী (সা.)

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৩:১৫
Shares
যে ৩ আমলে হায়াত বৃদ্ধি ও বরকতের সুসংবাদ দিয়েছেন মহানবী (সা.)

ছবি: সংগৃহীত

পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী। প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে। তবে ইসলামে এমন কিছু নেক আমলের কথা উল্লেখ রয়েছে, যেগুলোর মাধ্যমে হায়াত বৃদ্ধি ও জীবনে বরকত লাভের সুসংবাদ দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিভিন্ন হাদিসে এসব আমলের গুরুত্ব তুলে ধরেছেন।

ইসলামী আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, হায়াত বৃদ্ধি বলতে প্রকৃত অর্থে আয়ু বৃদ্ধি কিংবা জীবনের নির্ধারিত সময়ে বরকত লাভউভয় ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। বরকতের অর্থ হলো, আল্লাহর অনুগ্রহে জীবনের সময়কে কল্যাণকর কাজে ব্যয় করার সুযোগ পাওয়া। হাদিসে বর্ণিত এমন তিনটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. মা-বাবার প্রতি সদ্ব্যবহার ও নেক কাজ

ইসলামে মা-বাবার প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সাথে উত্তম আচরণের বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের প্রয়োজন পূরণ, সেবাযত্ন করা এবং কষ্ট না দেওয়া সন্তানের অন্যতম দায়িত্ব।মা-বাবার সাথে ভালো ব্যবহার করা নেক আমলের অন্তর্ভুক্ত। হাদিসে সৎকর্ম ও হায়াত বৃদ্ধির মধ্যে সম্পর্কের কথা উল্লেখ রয়েছে।

হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়া ছাড়া অন্য কিছু তাকদির পরিবর্তন করতে পারে না এবং নেক কাজ ছাড়া অন্য কিছু আয়ু বৃদ্ধি করতে পারে না।’ (জামে তিরমিজি, হাদিস: ২১৩৯)

এ হাদিসে সাধারণভাবে নেক কাজ বা সৎকর্মের কথা বলা হয়েছে। মা-বাবার প্রতি সদ্ব্যবহারও ইসলামের গুরুত্বপূর্ণ নেক আমলগুলোর একটি।তাই তাদের সাথে সুন্দর আচরণ করা, প্রয়োজনের সময় পাশে থাকা এবং তাদের জন্য দোয়া করা একজন মুসলমানের গুরুত্বপূর্ণ কর্তব্য।

২. আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা

আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ইসলামের অন্যতম শিক্ষা। পারিবারিক বন্ধন রক্ষা, আত্মীয়দের খোঁজখবর নেওয়া এবং বিপদে সহযোগিতার মাধ্যমে এই দায়িত্ব পালন করা যায়।

হাদিসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সাথে রিজিক বৃদ্ধি এবং হায়াত দীর্ঘ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬)

এই হাদিস থেকে আত্মীয়তার বন্ধন অটুট রাখার গুরুত্ব বোঝা যায়। শুধু আনন্দের সময়ে নয়, বিপদে-আপদেও আত্মীয়দের পাশে দাঁড়ানো এবং সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া উচিত।পারিবারিক বিরোধ কিংবা সামান্য মনোমালিন্যের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে তা সুন্দর রাখার চেষ্টা করাও ইসলামের শিক্ষা।

৩. প্রতিবেশীর সাথে উত্তম আচরণ

প্রতিবেশীর সাথে সদাচরণ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশের বাড়ির মানুষের খোঁজখবর রাখা, বিপদে সহযোগিতা করা এবং নিজের আচরণে তাদের কষ্ট না দেওয়া একজন মুমিনের দায়িত্ব।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) আত্মীয়তার সম্পর্ক রক্ষা, সুন্দর চরিত্র ও প্রতিবেশীর সাথে উত্তম আচরণের গুরুত্ব তুলে ধরেছেন।

হাদিসটির মর্মার্থ অনুযায়ী, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, উত্তম চরিত্র এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার জনপদকে সমৃদ্ধ করে এবং আয়ু বৃদ্ধির কারণ হয়। (মুসনাদে আহমাদ, হাদিস: ২৫২৫৯)

প্রতিবেশীর অধিকার রক্ষা শুধু সামাজিক সৌজন্য নয়, বরং ইসলামী জীবনব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাদের সাখে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং প্রয়োজনের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উত্তম চরিত্রের পরিচয়।