মুমিনের জীবনে এমন কিছু আমল আছে, যা করতে খুব বেশি সময় বা পরিশ্রমের প্রয়োজন হয় না; অথচ আল্লাহর কাছে সেসব আমলের মর্যাদা অনেক বেশি। মুখে উচ্চারণে সহজ এমন দুটি বাক্য সম্পর্কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং কেয়ামতের দিন আমলের পাল্লায় হবে অনেক ভারী।
বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়। তা জিহ্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের পাল্লায় তা অনেক ভারি হবে। বাক্য দুটি হলো
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيمِ.
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। (বোখারি: ৬৪০৬)
অর্থ: মহাপবিত্র আল্লাহ এবং সমস্ত প্রশংসা তারই জন্য; মহাপবিত্র আল্লাহ, যিনি মহান।
বাক্য দুটি পাঠের ফজিলত
হাদিসে এই জিকিরের বিশেষ ফজিলত উল্লেখ করা হয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, তার গোনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে।’ (বোখারি: ৬৪০৫)।
আরেক হাদিসে আছে, ‘যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলে, তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়।’ (তিরমিজি: ৩৪৬৪)
এ ছাড়াও রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ বলবে, সে সব ধরনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে।’ (তিরমিজি: ৩৩৮৮)


