...|...|...

অর্থনীতি

যে কারণে ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪:০৫
Shares
যে কারণে ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি

এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (২৭ নভেম্বর) স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৩ ডলার ৫২ সেন্টে পৌঁছেছে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়। এর প্রভাবে স্বর্ণের দাম কমে ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে সেই চাপ কাটিয়ে চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

বিশ্ববাজারে ২৮ দশমিক ৩৫ গ্রাম স্বর্ণকে এক আউন্স হিসেবে লেনদেন করা হয়। সে হিসাবে এক আউন্স স্বর্ণ প্রায় ২ দশমিক ৪৩ ভরির সমান, যেখানে এক ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

ভিটি মার্কেটসের প্রধান কৌশল কর্মকর্তা রস ম্যাক্সওয়েল বলেন, বাজারে স্থিতিশীলতার চেষ্টা দেখা গেলেও বিনিয়োগকারীরা এখনো সতর্ক রয়েছেন। থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার বন্ধ ছিল। ফলে প্রযুক্তি খাতের শেয়ারের দরপতন এবং বিভিন্ন সম্পদ বিক্রির চাপ সাময়িকভাবে থেমে যায়, যা স্বর্ণের ওপর বিক্রির চাপও কমিয়েছে।

তার মতে, স্বর্ণের দাম কতটা ঘুরে দাঁড়াবে, তা নির্ভর করবে প্রকৃত সুদের হার, মার্কিন ডলারের গতিপথ এবং বিনিয়োগ প্রবাহের ওপর।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত ঘিরে উদ্বেগে বড় ধরনের পতনের পর ছুটির কারণে লেনদেন কম থাকায় মাসের শেষ দিকে এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতার আভাস দেখা গেছে।