যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।


