...|...|...

সারাদেশ

যুবদল নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার জমি দখলের অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪১
Shares
যুবদল নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার জমি দখলের অভিযোগ

যুবদল নেতার বিরুদ্ধে সেচ্ছাসেবক দল নেতার জমি দখলের অভিযোগ। ছবি: টাইমস টুডে

চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনিয়ন যুবদল নেতা হানিফের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বেচ্ছাসেবক দল নেতার ১০.৯০ শতাংশ জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জমি দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীদুল্লাহ। 

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানানো হয়, বিএনপি নেতা রফিক মেম্বার হত্যা ও অস্ত্র মামলার আসামি হানিফ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। মাদক কারবারি, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা তার পেশা হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী পরিবারের শহিদুল্লাহ বলেন, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হানিফ তার সম্পর্কে ভায়রা হয়। শহিদুল্লাহর পারিবারিক সম্পত্তির পাশে একসময় যুবদল নেতা হানিফের শ্বশুরের সম্পত্তি ছিলো। সেই সম্পত্তি ২০০৪ সালে জসিম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন তারা। জমি ক্রেতা জসিম সেই জমির ভোগ দখলে রয়েছেন। জসিমের কাছে জমি বিক্রি করে সেই জমি পুনরায় নামজারি করেন স্ত্রীর নামে যুবদল নেতা হানিফ। ভুয়া নামজারি করে হানিফ সেই জমির পার্শ্ববর্তী আমাদের জমি দখল শুরু করে সীমানা প্রাচীর নির্মাণ করেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহীদুল্লাহ জানান, জমি দখলের বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে থানা পুলিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাইলে হানিফ থানা কিংবা আদালতের নির্দেশনা না মেনে আমাদের জমি দখল করেন।

হানিফের মামা শ্বশুর মহিউদ্দীন জানান, হানিফের স্ত্রী তার ভাগনি। বিরোধপূর্ণ এলাকায় তার ভাগনি ভাগিনা সহ সবাই তাদের সমুদয় সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। সেখানে তাদের কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। কিন্তু ভাগ্নে জামাই যুবদল নেতা কীসের ভিত্তিতে জমির নামজারি করেছেন এবং জায়গা দখল করেছে সেটা বলতে পারছি না।

এই বিষয়ে জানার জন্য হানিফকে একাধিক বার মোবাইল ফোনে কল দিলে সে কল রিসিভ করেননি।