যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে ভৌগোলিক কোনো সীমারেখা ছাড়াই পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (৩১ অক্টোবর) তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে তেহরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরুর হুমকি দিয়েছিল। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন, অর্থাৎ ৪ নভেম্বর থেকেই হামলা শুরু হতে পারে।
বিবৃতিতে খামেনি বলেন, শত্রুরা আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে কখন এবং কীভাবে তার অবসান ঘটবে, তা নির্ধারণ করবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ও ইরানি জনগণ।
বিবৃতিটি প্রকাশের সময় খামেনির সাথে দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল বলে জানানো হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি উপস্থিত ছিলেন। সর্বোচ্চ নেতা হওয়ার পর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটিই তার প্রথম প্রকাশিত বৈঠকের খবর।
বিবৃতিতে বলা হয়, খামেনি সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, ‘যেকোনো মাত্রা বা ধরনের হুমকির তাৎক্ষণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমাবদ্ধতাহীন জবাব নিশ্চিত করতে হবে।’
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আমেরিকান-জায়নিস্ট শত্রু আখ্যা দিয়ে তাদের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করে তা হালনাগাদের নির্দেশ দিয়েছেন তিনি।

