যুক্তরাষ্ট্র ইরানের সাথে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
গালিবাফ বলেন, সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিভিন্ন ফ্রন্টে হুমকি ও সামরিক অভিযান বন্ধের বিষয়গুলো রয়েছে। এসব শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলার প্রশ্নই আসে না।
তিনি বলেন, 'সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত প্রণালীটি খোলা হবে না।' গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্র চুক্তির প্রতিশ্রুতি পূরণ না করলে ইরানের পক্ষ থেকেও পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
এর আগে ইরান জানিয়েছিল, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়ে তেহরান ও ওমানের সার্বভৌম অধিকার রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রণালী দিয়ে জাহাজ চলাচল সমঝোতার শর্ত ও নির্ধারিত ব্যবস্থার ভিত্তিতেই হবে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই জলপথ বন্ধ থাকার আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।


