যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে গত ১০ দিনে অন্তত ৪০টি সামরিক ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচটি তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত করে আগুনে পুড়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী।
বুধবার (২৫ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, জাহাজগুলো হরমুজ প্রণালীর ‘অননুমোদিত নৌপথ’ ব্যবহার করছিল। তেহরানের ভাষ্য, এই নৌপথ দিয়ে চলাচল করতে চাইলে যেকোনো জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে হবে এবং তাদের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে।
চলতি বছরের শুরু থেকে হরমুজ প্রণালীতে ১৬০টির বেশি সামরিক ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু গত ১০ দিনেই অন্তত ৪০টি ঘটনা ঘটেছে।
আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর থেকেই পরিস্থিতিতে এই পরিবর্তন এসেছে। অবরোধে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাল্টা চাপ হিসেবে তেহরান উপসাগরীয় অঞ্চলের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহে চাপ তৈরি করছে।
তবে যুক্তরাষ্ট্র কিংবা ইরান—কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধে যেতে আগ্রহী নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর বদলে নৌ অবরোধ ও বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর চাপকে দুই পক্ষ কৌশল হিসেবে ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে ইরানের ওপর চাপ বাড়িয়ে দেশটিকে আবার আলোচনার টেবিলে ফেরানো এবং বিভিন্ন বিষয়ে ছাড় আদায় করা।
অন্যদিকে ইরানও একইভাবে পাল্টা চাপ বাড়িয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার ঘটনাও বেড়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


