স্বাস্থ্য অধিদফতরের অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদের ১১তম গ্রেডে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পেতে চূড়ান্ত শূন্য পদের নির্ভুল তথ্য দ্রুত পাঠানোর তাগিদ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরকে জরুরিভিত্তিতে তথ্য পাঠাতে পুনরায় তাগিদ দেওয়া হয়েছে। গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত তাগিদপত্র-২ জারি করা হয়।
তাগিদপত্রে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের জন্য ছাড়পত্র প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছিল।
এ জন্য নির্ধারিত ছকে নির্ভুল তথ্য পাঠানোর পাশাপাশি পদ সৃজনের আদেশের কপি সংযুক্ত করে প্রস্তাবিত পদগুলো ভিন্ন কালিতে চিহ্নিত করে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব পাঠাতে বলা হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরকে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়।
পরে চাওয়া তথ্য না পাওয়ায় একই বছরের ২৮ অক্টোবর প্রথম দফায় তাগিদপত্র দেওয়া হয়। তবে এরপরও এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি।
এ অবস্থায় আগের চিঠির আলোকে যাচিত তথ্যাদি জরুরিভিত্তিতে পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদফতরকে পুনরায় অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিত পত্রটি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে পরিচালক (প্রশাসন)-এর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
চিঠিতে নির্ধারিত ছকে সঠিক তথ্য, সংশ্লিষ্ট পদ সৃজনের আদেশের কপি ও প্রস্তাবিত পদ চিহ্নিত করে পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের কাছ থেকে এসব তথ্য পাওয়ার পর ১১তম গ্রেডের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়ার বিষয়ে পরের কার্যক্রম নেওয়া হবে বলে চিঠিতে জানানো হয়েছে।


