মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার মঞ্জুর আলম বাবুর ছেলে রাফি (২০) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরপুর পশ্চিম শেওড়াপাড়া থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই দুই মোটরসাইকেল আরোহী। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা জানান, রাত ৩টা ৪ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।


