বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গানের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী ও ‘দ্য বিটলস’-এর সদস্য জর্জ হ্যারিসন। তার উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কিংবদন্তি শিল্পীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ (২৯ নভেম্বর)।
২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান জর্জ হ্যারিসন। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেওয়া এই শিল্পী ‘দ্য বিটলস’-এর লিড গিটারিস্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান।
১৯৭১ সালে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরতে উদ্যোগী হন হ্যারিসন।
বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসেন তিনি।
এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল ও ওস্তাদ আলী আকবর খানের মতো শিল্পীরা। প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে কনসার্টটির দুটি পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সেখান থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়। এই আয়োজনের জন্যই হ্যারিসন লেখেন ও সুর করেন ‘বাংলাদেশ’ গানটি। গানটিতে বাংলাদেশের মানুষের দুর্দশা ও মুক্তির আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি।
কনসার্ট ও গানটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি মানুষের মনোযোগ বাড়াতে সহায়তা করে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার জর্জ হ্যারিসনকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।


