...|...|...

বিনোদন

মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৮
Shares
মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। তবে দর্শকদের ভোটে দুটি বিভাগে জয় পেয়েছেন তিনি। সুইমস্যুট ও ইভনিং গাউন—উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন এই বাংলাদেশি প্রতিযোগী। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন তিনি।

সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন মাহি। অন্য প্রতিযোগীরা বিকিনি পরে মঞ্চে অংশ নিলেও তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের আঁটসাঁট পোশাক। পোশাকের পেছনে থাকা লম্বা নীল কাপড় তার পরিবেশনায় যোগ করে ভিন্নতা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পান তার এই উপস্থিতি।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অর্জনের কথা জানান মাহি। তিনি জানান, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই দর্শকদের ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছে দেশ।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় পাওয়া স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন হিসেবেই দেখছেন মাহি। বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

প্রতিযোগিতার পুরো সময়জুড়ে দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান এই প্রতিযোগী। প্রতিটি মুহূর্তে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মুকুট জয়ের দৌড় থেকে ছিটকে গেলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে জয় এবং ন্যাশনাল কস্টিউমে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রাকে বিশেষ করে তুলেছে।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টের শেষে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’