...|...|...

খেলা

মিশরে সালাহর বিরুদ্ধে মামলা, আদালতে হাজিরের নির্দেশ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ভোর রাত ৪:২০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৪
Shares
মিশরে সালাহর বিরুদ্ধে মামলা, আদালতে হাজিরের নির্দেশ

ইংলিশ ফুটবল অধ্যায় শেষ করে তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পরে যোগ দেওয়ার পর বড় আইনি জটিলতায় পড়েছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। সাবেক আইনজীবীর পাওনা পারিশ্রমিকসংক্রান্ত এক মামলায় তাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে শপথ নেওয়ার নির্দেশ দিয়েছেন মিশরের একটি আদালত।

নিউ কায়রো ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টের সিভিল চেম্বার মামলাটির শুনানি শেষে সালাহকে আগামী ৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

সালাহর সাবেক আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোরসি আবদেল তাওয়াব গত বছর (২০২৫ সালের সেপ্টেম্বরে) এই মামলা করেন। তার দাবি, ২০১২ সালে সালাহ তাকে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দেন। দীর্ঘ ১৩ বছর আইনি ও প্রশাসনিক সেবা দেওয়ার পর ২০২৫ সালের আগস্টে তাকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু সেই সেবার বকেয়া পারিশ্রমিক ও ক্ষতিপূরণ এখনো পরিশোধ করেননি সালাহ।

তবে মিশরীয় তারকা তার বিরুদ্ধে আনা অভিযোগ ও বকেয়ার দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। ফলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত সালাহকে হাজির হয়ে ‘চূড়ান্ত শপথ’ নেওয়ার আদেশ দিয়েছেন। অর্থাৎ, সেখানে উপস্থিত হয়ে তাকে শপথ করে বলতে হবে যে ওই আইনজীবীর কোনো পাওনা বকেয়া নেই। নির্ধারিত দিনে অনুপস্থিত থাকলে বা শপথ নিতে অস্বীকার করলে রায় আইনজীবীর পক্ষে চলে যেতে পারে।

নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট কাসিমপাশার বিপক্ষে ত্রাবজোনস্পরের হয়ে সালাহর অভিষেক হতে পারে। তবে জটিলতা দেখা দিয়েছে ৬ সেপ্টেম্বর নিয়ে। সেদিন ক্লাবের খেলা রয়েছে জেনচলারবিরলিগির বিপক্ষে। একই দিনে কায়রোর আদালতে হাজিরার নির্দেশ থাকায় গুরুত্বপূর্ণ সেই ম্যাচের দিন মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।