মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরাকি বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি ইরানি ফুটবল দলকে বহনকারী বিমান। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ইরাকের বসরায় পৌঁছাতে পারেননি দলটির খেলোয়াড়রা। পরে বিমানটি ইরানে ফিরে গিয়ে আবাদান বিমানবন্দরে অবতরণ করে। তবে সড়কপথে বসরায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানি দল।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্রও বিমানটি অবতরণের অনুমতি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, ইরানি বিমানটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৪ নভেম্বর বসরার আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইরানের। এ ছাড়া বসরায় আয়োজিত চারজাতি টুর্নামেন্টেও অংশ নেবে দলটি। এই প্রতিযোগিতায় ইরান ছাড়াও স্বাগতিক ইরাক, লেবানন ও ফিলিস্তিন খেলবে।
ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই অবতরণের অনুমতি দেওয়া হয়নি।
এ ঘটনা ইরানে বিমান চলাচলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব আরও স্পষ্ট করেছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইরানি এয়ারলাইনগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এর মাধ্যমে বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা সীমিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় দফার হুমকির মুখে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় ইরাক। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, যেসব বিমানবন্দর ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেবে, সেগুলোও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে।



