যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কড়া বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনী। এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ‘নরকযন্ত্রণা ভোগ করবে’।
আইআরজিসি নৌ কমান্ডের বিবৃতিতে বলা হয়, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বা আধিপত্যকে দুর্বল করতে পারেনি। বরং ওই হামলার জবাবে চালানো গুলিবর্ষণ অন্য জাহাজগুলোর জন্য নিরাপদ নৌপথ সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “এই অঞ্চলের আমেরিকান ঘাঁটিগুলো একটি আলাদা বিষয়। তারা এই দিনগুলোতে নরকযন্ত্রণা ভোগ করবে।”
এর আগে যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার মুখে ইরান ‘চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো জবাব’ দেবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের সাথে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে নতুন এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে, টানা দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড ‘সেন্ট্রাল কমান্ড’ (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাবেই এই অভিযান চালানো হয়েছে। মার্কিন বাহিনীর এই হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রমাইন পাতার সক্ষমতাকে মূলত লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


