জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়িতে ৮৬ বছর বয়সে তার মৃত্যু হয়। তার প্রকাশক হারপারকলিন্স এ তথ্য জানিয়েছে।
পাঁচ দশকের লেখকজীবনে আর্চারের বই বিক্রি হয়েছে ৩০ কোটিরও বেশি কপি। ‘কেইন অ্যান্ড অ্যাবেল’ ও ‘ক্লিফটন ক্রনিকলস’ সিরিজের মতো জনপ্রিয় বইয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। সমারসেটের ওয়েলিংটন শহরকে প্রায়ই নিজের উপন্যাসের পটভূমি হিসেবে ব্যবহার করতেন এই লেখক।
কনজারভেটিভ পার্টির সাবেক এমপি আর্চার ১৯৬৯ সালে লিংকনশায়ারের লাউথ আসন থেকে নির্বাচিত হন। পাঁচ বছর এমপি থাকার পর দলটির চেয়ারম্যানও হন তিনি। তবে ২০০১ সালে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার দায়ে চার বছরের কারাদণ্ড হলে তার রাজনৈতিক জীবনে বড় ধাক্কা আসে। ১৯৮৭ সালে ‘ডেইলি স্টার’-এর বিরুদ্ধে করা মানহানির মামলায় মিথ্যা বলা ও প্রতারণার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
২০০৩ সালে কারামুক্তির পর হাউস অব লর্ডসে ফিরে যান আর্চার। ২০২৪ সালে অবসর নেওয়া পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।
হারপারকলিন্স জানিয়েছে, আর্চারের শেষ উপন্যাস ‘অ্যাডাম অ্যান্ড ইভ’ এই সপ্তাহেই প্রকাশিত হচ্ছে। মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে বইটির প্রচারে নিজের পুরোনো স্কুল ওয়েলিংটন স্কুলে গিয়েছিলেন তিনি। শনিবার চেলটেনহ্যাম ফেস্টিভ্যালে বইটি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তার।
১৯৪০ সালের ১৫ এপ্রিল উত্তর লন্ডনে জন্ম নেওয়া আর্চার চলতি বছর স্ত্রী মেরির সঙ্গে ৬০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। তাদের দুই ছেলে ও পাঁচজন নাতি-নাতনি রয়েছে।


