...|...|...

রাজনীতি

মামলার হাজিরা দিয়ে পলক

‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত’

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৯
Shares
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাগার থেকে আদালতে এসে হাজিরা দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালতে তার হাজিরা সম্পন্ন হয়।

এদিন দুদকের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ কারণে পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে দুদক প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত আগামী ২৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

হাজিরা শেষে পলককে কারাগারে পাঠানোর জন্য আদালতের হাজতখানা থেকে বের করা হয়। এ সময় তিনি দুই হাত দেখিয়ে বলেন, ‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হচ্ছে হাত।’ পরে পুলিশ পাহারায় তাকে ফের কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার বিবরণে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে।

এ ছাড়া তার নিজ নামে থাকা ২৫টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ করা হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ মানিলন্ডারিংয়ের অভিযোগও মামলায় আনা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, অবৈধভাবে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

দুদকের এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আগামী ২৩ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।