ফুটবলের সবুজ গালিচা পেরিয়ে রূপকথার এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। ক্রীড়া ও বিনোদন জগতের বহু প্রতীক্ষিত এই জুটির প্রেম এবার কি তবে পরিণয়ের আলোয় রাঙা হতে চলেছে?
দীর্ঘ পথচলায় যাদের কোলজুড়ে এসেছে চার সন্তান- ইভা, মাতেও, আলানা ও বেলা। তবে রোনালদোর আরও একটি সন্তান রয়েছে- ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। এটা তার প্রথম সন্তান।
ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের মায়ের পরিচয় সম্পর্কে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বা তার পরিবার কখনোই প্রকাশ্যে কোনো তথ্য প্রকাশ করেননি। রোনালদোর ঘোষণা অনুযায়ী, জুনিয়রের জন্ম ও তার পূর্ণ অভিভাবকত্ব একমাত্র রোনালদোর নিজের কাছেই রয়েছে। গোপনীয়তা রক্ষার চুক্তির অংশ হিসেবে তার মায়ের পরিচয় চিরকাল গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এদিকে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে এত দিন একসাথে সংসার করার পর এবার কি তারা আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়ছেন? এ নিয়েই এখন বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
গুঞ্জনের বাতাসে ভেসে আসছে, আজ শনিবার পর্তুগালের মায়াবী দ্বীপ মাদেইরায় বাজতে পারে তাদের বিয়ের সানাই। যদিও এই সুসংবাদ নিয়ে মুখ খোলেননি খোদ জুটির কেউই, তবুও ভক্তদের হৃদয়ে উত্তেজনার পারদ আজ তুঙ্গে।
এই প্রেমের গল্প তো নতুন নয়। ২০২৫ সালের আগস্টে জর্জিনার হাতের দ্যুতি ছড়ানো আংটি আর সামাজিক মাধ্যমের পাতায় বাগদানের ঘোষণা ভক্তদের মনে আশা জাগিয়েছিল। এরপর রোনালদোর কণ্ঠেও ঝরেছিল ইঙ্গিত- ২০২৬ বিশ্বকাপের মহাযুদ্ধের পরেই জীবনের গোলপোস্টে নতুন ইনিংস শুরু করবেন তারা।
জুলাইয়ের খামখেয়ালি বাতাসে বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর থেকেই শুরু হয় জল্পনার গুঞ্জন। জুলাইয়ের শেষদিকে একটি ভুয়া ডিজিটাল আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেও, তা নিছক গুঞ্জন হয়েই ম্লান হয়ে যায়।
তবে আগুন তো আর পুরোপুরি নেভে না! এবার সেই ছাইচাপা আগুনকেই উসকে দিয়ে সামনে এসেছে আজকের এই বিশেষ তারিখ- ৮ আগস্ট।
সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, আজ মাদেইরা দ্বীপেই বিয়ের মূল আয়োজন হতে পারে এবং এরই মধ্যে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি কিছু বিধিনিষেধও জারি করা হয়েছে। মাদেইরা দ্বীপটি আলোচনায় আসার পেছনে রয়েছে রোনালদোর ব্যক্তিগত আবেগ ও নাড়ির টানের যোগসূত্র- কারণ এখানেই তার জন্ম ও বেড়ে ওঠা।
এছাড়া সম্প্রতি রোনালদো ইনস্টাগ্রামে মাদেইরার সরকারি অ্যাকাউন্টটি অনুসরণ করায় ভক্তরা এটিকে বিয়ের একটি বড় ইঙ্গিত হিসেবে দেখছেন। ফুনশাল ক্যাথেড্রালকেও সম্ভাব্য বিয়ের ভেন্যু হিসেবে আলোচনায় রাখা হয়েছে, যদিও এর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সব মিলিয়ে ৮ আগস্ট ঘিরে আগ্রহ তুঙ্গে থাকলেও বিষয়টি এখনো জল্পনার পর্যায়েই রয়েছে। রোনালদো ও জর্জিনা সত্যিই আজ চিরদিনের জন্য এক সুতোয় বাঁধাগেঁলা হচ্ছেন কি না, তা জানতে এখন কেবলই অপেক্ষা করতে হবে তাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

